স্তব্ধ পাথরের পিঠে জেগে ওঠে গান,
উৎসবিহীন কোনো অসীম অন্তরে;
অনন্ত যৌবন বুকে ধরে মহাতান,
মহাজাগতিক আলো ছড়ায় প্রান্তরে।
প্রবাহের ক্লান্তি আজ কোথাও তো নেই,
বালুকণা-মেঘে ওড়ে আলোর ঝলক;
বিষাক্ত পারদ এসে পুড়ে যায় যেই,
তপ্ত এ দর্পণে হাসে নিস্পন্দ পলক।
বুকের ভেতরে জাগে পাথুরে শহর,
গ্রীষ্মের লেলিহান শিখা তার প্রাণ;
ভাঙে না তো কোনোদিন এই ধূলিঘর,
সৃষ্টিরই দিকে চলে অনাদি উজান।
মহাপ্রলয়ের শেষে খোলে মহালয়,
অনন্ত সৌরভে হাসে জীবনের জয়।
© দীপঙ্কর সাধুখাঁ
২১শে সেপ্টেম্বর, ২০২৬।